রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নিতু নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর পশ্চিম মাতুয়াইলের মৃধা রোডের স্কাই গার্ডেন ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটের একটি আলমারিতে রাখা শপিং ব্যাগের ভেতরে ২৩টি স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেট পাওয়া যায়।

প্যাকেট খুলে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নিতুকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী রাকিব হোসাইন তানভীরও ইয়াবা ব্যবসায় জড়িত। তাদের আত্মীয় চুন্নু মিয়া কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ওই বাসায় রাখবো এবং যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় বিক্রি করতো। তাদের দুইজনকে ধরতে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের ডেমরা অঞ্চলের পরিদর্শক ফজলুল হক খান।