জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবাব সলিমুল্লাহ হল সংসদের উল্লেখযোগ্য কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হল সংসদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, দৈনন্দিন সেবা ও বিনোদনের সুযোগ বাড়াতে বিভিন্ন সময়ে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করেছে নবাব সলিমুল্লাহ হল সংসদ। এসব কার্যক্রমের মধ্যে নতুন ছয়টি হলে ডাইনিং ও গ্যাস সংযোগ চালু, পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবকাঠামোগত সমস্যা সমাধান, বিশুদ্ধ ও গরম পানির ব্যবস্থা, মেডিকেল কর্নার স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, ফ্রি ওয়াই-ফাই জোন, সেলুন ও লন্ড্রি সেবা চালুসহ বিভিন্ন উদ্যোগ রয়েছে।
নতুন নির্মিত ছয়টি হলের মধ্যে নবাব সলিমুল্লাহ হল সংসদের উদ্যোগে সর্বপ্রথম ডাইনিং কার্যক্রম শুরু করা হয়। একইসঙ্গে নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ স্থাপনের লক্ষ্যে নবাব সলিমুল্লাহ হল সংসদসহ পাঁচটি হলের সংসদ প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। নির্ধারিত সময়ে গ্যাস সংযোগ নিশ্চিত না হওয়ায় ১৬ ডিসেম্বরের আগে গ্যাস সংযোগ না হলে ফিস্ট বয়কটের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রশাসন হল সংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। ধারাবাহিক প্রচেষ্টার পর ১৬ ডিসেম্বরের আগেই গ্যাস সংযোগ নিশ্চিত করা হয়।
হলের পার্কিং ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়। বাইকের জন্য লাল দাগ এবং সাইকেলের জন্য হলুদ দাগ নির্ধারণ করে পৃথক লেনভিত্তিক পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। হল সংসদের দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে এটি প্রথম এ ধরনের উদ্যোগ।
হলের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানেও কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াশব্লক দিয়ে পানি পড়া এবং বৃষ্টির সময় বারান্দা দিয়ে পানি পড়ার দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও প্রয়োজনীয় পানি ব্যবহারের সুবিধার্থে হলের বিভিন্ন স্থানে পানির ফিল্টার ও গিজার স্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের জরুরি ও দৈনন্দিন স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় হলে একটি মেডিকেল কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় দৈনন্দিন ওষুধ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা-সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।
অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হল সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ হলে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইন কার্যক্রমে সুবিধা দিতে রিডিংরুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা হলের অভ্যন্তরে নিশ্চিত করতে সেলুন ও লন্ড্রি সেবা চালু করা হয়েছে। হল সংসদের দাবি, এর আগে হলে এ ধরনের সেবা বিদ্যমান ছিল না।
এ ছাড়া সিহাব–মাহদী কমিটির উদ্যোগে হল সংসদের সভা আয়োজনের জন্য সংসদ কক্ষ সংস্কার করা হয়। পরবর্তীতে উপাচার্য ও প্রভোস্টের মাধ্যমে কক্ষটি উদ্বোধন করা হয়। হলের অজুখানা ও মসজিদের সংস্কারমূলক কার্যক্রমেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। মসজিদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতেও হল সংসদ ভূমিকা পালন করছে।
হল সংসদের দীর্ঘদিনের প্রত্যাশা ও ধারাবাহিক দাবির পর ২১ নম্বর হলের নাম পরিবর্তন করে ‘নবাব সলিমুল্লাহ হল’ নামকরণ নিশ্চিত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ক্রীড়া ক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে হল সংসদ। তাদের উদ্যোগে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ‘ভেলাবাইচ’ প্রতিযোগিতায় নবাব সলিমুল্লাহ হল দ্বিতীয় স্থান অর্জন করে।
আবাসন ব্যবস্থাপনায়ও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। হল সংসদের উদ্যোগে ৫৪ ও ৫৫ ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর জন্য সিঙ্গেল সিটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উভয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হলের গ্রাউন্ড ফ্লোর ও হল সংসদের দেয়ালে নবাব সলিমুল্লাহর গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ১৬ ডিসেম্বর বিজয় র্যালিতে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় দিবসে আনন্দ র্যালিতে অংশগ্রহণ এবং ২৬ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে হল সংসদ।
এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, হল সংসদের কয়েকটি উন্নয়নমূলক কাজ বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে—জিমনেশিয়াম স্থাপন, রিডিংরুমে এক্সস্ট ফ্যান স্থাপন ও রঙের কাজ, নামফলকসহ হলের গেটের কাজ এবং হলের বিভিন্ন অবকাঠামোগত সংস্কার।



মন্তব্য করুন