ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত অন্যান্য ক্যাম্পাসের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে কলেজের প্রতিটি বিভাগে পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্ব স্ব বিভাগে সকাল ১১ টায় নবীনবরণ অনুষ্ঠিত হয়।

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ সংযুক্ত প্রতিটি কলেজে ২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাম্পাসের ন্যায় কবি নজরুল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল কলেজের প্রতিটি বিভাগে পৃথকভাবে নবীনবরণের আয়োজন করা হয়। এতে প্রতিটি বিভাগের অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, অধ্যয়নরত শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা বিভাগসহ অনেক বিভাগেই ফটো কর্নারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্ব-স্ব বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

‎বিভাগীয় শিক্ষকগণ তাঁদের বক্তব্যে একাডেমিক পড়ালেখা, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের কাছ থেকে এমন সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন আসা শিক্ষার্থীবৃন্দ।

‎অর্থনীতি বিভাগের ২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থী আনিকা বলেন, “আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনেক আনন্দিত। আজকের নবীনবরণের আয়োজন অনেক সুন্দর ছিল। আমার সবথেকে ভালো লেগেছে সিনিয়র ভাইয়া ও আপুদের সাথে মিশে। একবারও মনে হয়নি তারা সিনিয়র আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছেন।”