দ্যা স্কলারস ফোরাম ঢাকা আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সংগঠনটির পরিচালক দেলোয়ার হোসাইন রাসেল। এর আগে, পরীক্ষার ফলাফল পরিচালকের কাছে হস্তান্তর করেন ফোরামের নির্বাহী পরিচালক মো. রাশেদ হোসেন।
এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় রাজধানীর ২১৮টি স্কুল ও মাদ্রাসার প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে প্রায় ৫০০ শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে দেলোয়ার হোসাইন রাসেল বলেন, গত ১৬ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পেরে তারা আনন্দিত। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং দ্রুত ফলাফল প্রকাশে সহযোগিতার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য মানুষ গড়ে তুলতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত ৩১ বছর ধরে এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত মানুষের অভাব না থাকলেও সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। দ্যা স্কলারস ফোরাম সেই সুশিক্ষিত মানুষ গড়ার কাজ করছে।
সদস্য সচিব হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালকবৃন্দ, নির্বাহী সদস্য ওমর ফারুক ফাহিম, শফিকুল ইসলাম সাইফুল, আবু জাফর রিমন, মেহেদী হাসান সিয়াম, নিরব মনোয়ারসহ ফোরামের অন্যান্য সদস্য।
উল্লেখ্য, বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে দ্যা স্কলারস ফোরাম ঢাকা। এর মধ্যে রয়েছে এককালীন বৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, ব্লাড গ্রুপিং, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে ক্যারিয়ার গাইডলাইন প্রদান।


মন্তব্য করুন