দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন অবশেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের পর দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন।

এদিন শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরবর্তী সময়ে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করে। ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সুগম হয় এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালে আর কোনো বাধা থাকে না।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি চাকরিতে পুনর্বহাল এবং অপসারণের ক্ষেত্রে প্রয়োগ করা বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদেশটি শুরু থেকেই বাতিল করে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।