গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চায় নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিতে বরাবরই সচেষ্ট এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে তার ব্যতিক্রমী সাজ নজর কেড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশন-সচেতন নানা ছবি-ভিডিও ভাগ করে নেন কৌশানি। সেই ধারাবাহিকতায় নতুন ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’শেয়ার করা ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকের ওপর সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিকে দিয়েছে আলাদা মাত্রা। ব্লাউজের নকশায় রয়েছে নানা ধরনের অলংকারি মোটিফ। কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সঙ্গে ছিল একই রঙের ওড়না, যা তার ফিউশন সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া।


মন্তব্য করুন