https://daynightbd.com


রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর দুই বছর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শেষ ধাপের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জোটে যুক্ত হয় দেশটি। খবর বিবিসি ও রয়টার্সের।
রাশিয়া তার এক প্রতিবেশী দেশে আক্রমণ করায় আরেক প্রতিবেশী সুইডেন তাদের জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। ন্যাটো জোটে যোগ দেওয়াই তাদের নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়তা বলে সিদ্ধান্ত নেয় দেশটি।
রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ খ্রিস্তেসন জোটে যোগ দেওয়ার চূড়ান্ত নথিগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছে হস্তান্তর করে। এর মধ্য দিয়ে এ সংক্রান্ত প্রক্রিয়ার শেষ ধাপ সম্পন্ন হয়। ন্যাটো জোটে নতুন কোনো দেশের যোগ দেওয়ার ক্ষেত্রে পুরোনো সব সদস্যের সমর্থন প্রয়োজন হয়, তুরস্ক ও হাঙ্গেরির আপত্তিতে সুইডেনের সদস্য হওয়া কিছুদিন ঝুলে থাকলেও পরে সে বাধাও পার হয় স্টকহোম।
খ্রিস্তেসনের কাছ থেকে যোগদান সংক্রান্ত নথিগুলো গ্রহণ করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ভালো জিনিস তাদের কাছেই আসে যারা অপেক্ষা করে।’ তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর ‘সবকিছু বদলে গেছে’। জনমত জরিপগুলোতে দেখা যায় সুইডেনের জনমত ব্যাপক পরিবর্তিত হয়ে ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে চলে এসেছে।


