ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

মৃত্যুর পরোয়ানা নিয়েই রমজানের প্রস্তুতি ফিলিস্তিনিদের

ডে নাইট ডেস্ক
রবিবার, ১০ মার্চ ২০২৪   ৭০ বার পঠিত
মৃত্যুর পরোয়ানা নিয়েই রমজানের প্রস্তুতি ফিলিস্তিনিদের

শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তবে এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার চিত্রটা হতে যাচ্ছে ভিন্ন। কারণ এমন এক পরিস্থিতিতে উপত্যকাটির বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছেন, যখন সেখানে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তাই রমজানের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা।

গত ৭ অক্টোবর থেকে শুরু করে গাজায় প্রায় ছয় মাস ধরে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১০ মার্চ) জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

হতাহতের পাশাপাশি রমজানের আগমুহূর্তে ক্ষুধাও বিপর্যস্ত করেছে গাজাবাসীকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে অনাহারে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, উত্তর গাজার অবস্থা মর্মান্তিক। সেখানে সড়কপথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না। আর রমজান যখন এগিয়ে আসছে, তখন প্রাণহানিও বাড়ছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি মসজিদ ধ্বংস হয়েছে। তবে রমজানে এ দুর্দশার মধ্যেও নামাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রমজানের আগে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান শান্তি, সহনশীলতা ও উদারতার মূল্যবোধকে তুলে ধরে। গাজায় যারা ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছেন, তাদের সবার প্রতি সংহতি ও সমর্থন জানাচ্ছি আমি। এ কঠিন সময়ে রমজান আমাদের আশার আলো দেখাবে।

রমজান ঘিরে গাজায় যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এ নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনারও আয়োজন করা হয়েছিল। তবে সে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে রমজানেও যে ইসরায়েলি বর্বরতা থামছে না, সেটি প্রায় নিশ্চিত। তবে বীরত্বের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসটি পালন করতে চান ফিলিস্তিনিরা।

এদিকে, ফিলিস্তিনে রমজানের চাঁদ দেখা গেছে। সৌদি ও আরও কয়েকটি আরব দেশের সঙ্গে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে দেশটিতে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি সুপ্রিম ফতওয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ মুহাম্মদ হুসেইন ঘোষণা করেছেন, ফিলিস্তিনে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

গাজায় ইসরায়েলি গণহত্যার মধ্যেই পবিত্র রমজানকে স্বাগত জানাচ্ছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। এরই মধ্যে যেসব দেশ রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে সে দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, ইরাক, বাহরাইন, সিরিয়া, জর্ডান ও ইয়েমেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় রোজা শুরুর তারিখও জানা গেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa