ঢাকার ৪টি ভিন্ন ভিন্ন জায়গাতে প্রতিদিন মোট ১৩০০ ইফতারি দিচ্ছে বিগ ইফতার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইফতার বিতরণ সংগঠনের প্রধান কাজ হলেও প্রতি বছর দুস্থদের মাঝে ঈদ উপহার, শীতের কম্বল, বন্যার্তদের ত্রাণ, মসজিদ-মাদ্রাসায় খেজুর ও চালের বস্তা বিতরণ, বৃক্ষ রোপন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কোরবানির গোস্ত বিতরণ, শিক্ষা বৃত্তি, সুপেয় পানির ব্যবস্থা, সাবলম্বীকরণ প্রজেক্ট, পাঠাগারসহ নানানমুখী সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিগ ইফতারের স্লোগান ‘জ্বলুক চুলা সব পাড়া মহল্লায়, ক্ষুধার্ত না থাকুক একটাও মানুষ’। ২০২০ সালে করোনা ক্রান্তিকালে কঠোর লোকডাউনে যখন সারা দেশের মানুষের জীবন জীবিকা স্থবির, খেটে খাওয়া মানুষ এবং দিন মজুর কাজে না গেলে কিভাবে তাঁদের ঘরে চুলা জ্বলবে, সেই ভাবনা থেকে গাবতলীর কিছু যুবক এক বেলা বিনা মূল্যে খিচুড়ির ব্যবস্থা করে, যা সবার জন্য উন্মুক্ত ছিল।

টানা এক মাস লকডাউনে খাবার বিলির পর কিছুদিন পর সবকিছু খুলে দিলেও রমজানে আবার লক ডাউনের ঘোষণা আসে। এরপর ওই যুবকরা বিগ ইফতার নামে একটি সংগঠনটি গড়ে তোলে। এই সংগঠনের ব্যানারে প্রতিদিন ইফতারিতে সবাইকে খিচুড়ি দেয়া শুরু করে এবং পুরাে রমজান জুড়ে চালিয়ে যায়।

বিগ ইফতার সংগঠনের একজন সদস্য বলছেন, ইফতারি নিতে ছোট, বড়, ধনী, গরিব, হিন্দু, মুসলিম, মসজিদ ও মাদ্রাসা সবাই আসছে। শুরুতে এক ডেগচি খাবার রান্না করলেও ধীরে ধীরে আমরা এখন ৪ ডেগচি পর্যন্ত খাবার তৈরী করছি। পাশাপাশি একটি মসজিদে বুফে ইফতারের আয়োজন করছি। ঢাকার ৪টি ভিন্ন ভিন্ন জায়গাতে প্রতিদিন মোট ১৩০০ ইফতারি দেয়া হচ্ছে।

তিনি আরও বলছেন, আমাদের এই সকল কাজের আর্থিক যোগান একান্তই ব্যক্তিগতভাবে হয়ে থাকে। পরিবার এবং বন্ধুবান্ধবরা মিলে বিশাল এই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সাথে আছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী, যাঁরা প্রতিনিয়ত বিনাপারিশ্রমিকে এই কাজকে সহজভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে আমাদের ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী গাবতলী বাস টার্মিনাল, কেরানীগঞ্জ, বাগবাড়ি ক্লাব মসজিদ ও বিগ ইফতারের অফিসে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।