বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সিইআইপি) অধীনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে তিনি আসন্ন বৈশ্বিক প্রবণতাসমূহ, বিশেষ করে অটোমেশন, জলবায়ু কার্যক্রম এবং ডিজিটালাইজেশনের কারণে বিশ্ব বাণিজ্যে যেসব পরিবর্তন ঘটছে, সেগুলোর সঙ্গে ক্রমাগতভাবে অভিযোজনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে কর্মিগোষ্ঠীর দক্ষতার সমন্বয়করণের গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আর্থ-সামাজিক পরিবর্তনের উল্লেখ করে তিনি আরও বলেন, এই পরিবর্তনগুলো  শ্রমবাজারের ধারাকে প্রভাবিত করছে এবং চাকরির বাজারে পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের উচিত দক্ষতা উন্নয়ন জোরদার করা।
অর্থ বিভাগের সচিব ও এসইআইপির জাতীয় প্রকল্প পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিশেষ করে তৈরি পোশাক শিল্পে দক্ষ জনসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশংসা করেন। বিজিএমইএ সভাপতি তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়াংবো নিং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, এডিবি-বিআরএম; মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; সত্যজিৎ কর্মকার, সচিব, পরিকল্পনা বিভাগ; ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।