অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সান কিউন মারা গেছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে গাড়ির ভেতর থেকে ৪৮ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। খবর হলিউড রিপোর্টারের।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কিউন। তিনি বেরিয়ে যাওয়ার পর ঘর থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান তার স্ত্রী। কিউনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন তিনি। এরপর সিউলের একটি পার্কে রাখা গাড়িতে অভিনেতার মরদেহ পাওয়া যায়।
অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন কিউন। নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মামলায় জড়ানোর পর তিনি বলেন, ‘এ ধরনের একটি অপ্রীতিকর ঘটনায় জড়িত হয়ে অনেকের হতাশা সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি আমার পরিবারের জন্যও দুঃখিত, যারা এই মুহূর্তে এমন কঠিন যন্ত্রণা সহ্য করছে। তাই আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
অভিনেতার মৃত্যুর সঙ্গে কোন ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।লি সান-কিউন, ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন, দুই দশকেরও বেশি সময় ধরে কোরিয়ান বিনোদন শিল্পে সক্রিয় ছিলেন তিনি। ২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। ছবিটি সেরা ছবি-সহ ২০২০ সালে অস্কারে চারটি পুরস্কারও জিতে। এ ছাড়া আরও বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন লি কিউন।



মন্তব্য করুন