এ বছর শোবিজ অঙ্গনের খ্যাতিমান শিল্পীদের আমরা হারিয়েছি।
আকবর হোসেন পাঠান ফারুক
খ্যাতিমান অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক মারা যান ১৫ মে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মিতা চৌধুরী
দেশের প্রথিতযশা নাট্যশিল্পী মিতা চৌধুরী ২৯ জুন মারা যান। ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন মিতা। সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।
মোহন খান
নির্মাতা, নাট্যকার ও প্রযোজক মোহন খান মারা গেছেন ৩০ মে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
মাসুম বাবুল
দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬ মার্চ প্রয়াত হন নৃত্যপরিচালক মাসুম বাবুল। কর্মজীবনে প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এম খালেকুজ্জামান
বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালেকুজ্জামান ২১ মার্চ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেকুজ্জামান স্কুল-কলেজ জীবনে অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন। বিটিভিতে প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন তিনি।
পিয়ারী বেগম
দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩০ মে। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রাজীব আশরাফ
অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকবি রাজীব আশরাফ ১ সেপ্টেম্বর মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে শ্বাসকষ্টজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোহানুর রহমান সোহান
স্ত্রীর মৃত্যুর পরদিন ১৩ সেপ্টেম্বর উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। বহু সফল চলচ্চিত্রের নির্মাতা তিনি। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি, ইরিন ও শাকিব খান।
জিনাত বরকতুল্লাহ
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ ২০ সেপ্টেম্বর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ।
সৈয়দ সালাহউদ্দীন জাকী
নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী ১৮ সেপ্টেম্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
হুমায়রা হিমু
অভিনেত্রী হুমায়রা হিমু ২ নভেম্বর মারা যান। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হুমায়রা হিমু ‘আমার বন্ধু রাশেদ’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই অভিনেত্রী ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
নাদিরা বেগম
ভাওয়াইয়া শিল্পী ও মুক্তিযোদ্ধা নাদিরা বেগম ৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তারেক মাহমুদ
রাজধানীর কমিউনিটি হাসপাতালে মারা যান নাট্যনির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদ। ২৬ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শফি বিক্রমপুরী
চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। শফি বিক্রমপুরী ১৯৭৮ সালে প্রথম ‘রাজদুলারি’ ছবি পরিচালনা করেন। এরপর ‘আলাদিন আলিবাবা সিন্দাবাদ’, ‘দেনমোহর’ সহ কয়েকটি ছবি পরিচালনা করেন।
বুলবুল মহলানবীশ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ ১৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৭ জুলাই রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাকে।



মন্তব্য করুন