দিনাজপুরের বিরলের ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক লায়েক (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-সেতাবগঞ্জ আঞ্চলিক সড়কের বিরল উপজেলার ধুকুরঝারি পিপল্লা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হন।
নিহত লায়েক উপজেলার ৫নং ইউনিয়নের দরবারপুর গ্রামের নুর ইসলাম ওরফে নোনতার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী একই উপজেলার ধামইড় ইউনিয়নের খৈলতৈড় গ্রামের গাঠু চন্দ্র রায়ের ছেলে কালু চন্দ্র রায় (৩৬)।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ গোলাম মাওলা ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধুকুরঝারি থেকে তারা দুইজন মোটরসাইকেল যোগে দরবারপুর গ্রামে নিজ বাসায় যাওয়ার পথে সড়কের পিপুল্লা নামক স্থানে (পল্লী বিদ্যুতের সাব ষ্টেশন অফিস সংলগ্ন) অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে লায়েকের মৃত্যু হয়। আহত কালুকে গুরুত্বর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।