একটা সময় বার্সেলোনার জার্সিতে একের পর এক সাফল্যের গল্প লিখেছেন তারা। এবার লিওলেন মেসি এবং লুইস সুয়ারেজ জুটি জাদুতে তেমনই গল্প লেখার অপেক্ষায় ইন্টার মিয়ামি। আমেরিকার মেজর লিগ সকারের দলটিতে আগেই যোগ দিয়েছেন মেসি। প্রিয় বন্ধুর পদাঙ্ক অনুসরণ করে ক্লাবটিতে নাম লিখিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজও।
বয়স হয়েছে দুজনেরই। তাইতো জাতীয় দলের হয়ে এখনও মাঠ দাপিয়ে বেড়ালেও ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে তারা এখন মার্কিন মুল্লুকে। সেখানে মেসি-সুয়ারেজ নতুন চ্যালেঞ্জ জিততে পারবেন কি না তা সময় বলবে। তবে নতুন করে তাদের জুটি দেখার জন্য আগ্রহের কমতি নেই। ইন্টার মিয়ামি ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম তো ভীষণ উচ্ছ্বসিত। মাঠে এই যুগলকে দেখার তর যেন আর সইছে না সাবেক ইংলিশ তারকার, ‘সুয়ারেজের মিয়ামিতে যোগ দেওয়া পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মাঠে তাকে দেখতে মুখিয়ে আছি আমরা।’
লিভারপুলে চার মৌসুমে দারুণ সময় কাটানোর পর (১৩৩ ম্যাচে ৮২ গোল) বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। সেখানে মেসির পাশে থেকে চারটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৫ গোল করেছেন সুয়ারেজ। ১১৩টি অ্যাসিস্টও আছে আগামী মাসে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই স্ট্রাইকারের। পড়তি ফর্মের কারণে বার্সেলোনা ছেড়ে দেয় তাকে, তখন তার ঠিকানা হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ওই ক্লাবের হয়ে ৮৩ ম্যাচে করেন ৩৪ গোল। সবশেষ সুয়ারেজ ছিলেন গ্রেমিওতে। ক্লাবটির হয়ে ব্রাজিলিয়ান লিগে তিনি ছিলেন দুর্দান্ত। গত মৌসুমে ৫৩ ম্যাচে করেন ২৬ গোল, সঙ্গে ১৭টি অ্যাসিস্ট। এরই প্রেক্ষিতে লিগটির সেরা খেলোয়াড় এবং স্ট্রাইকারের খেতাব পান তিনি।
ইন্টার মিয়ামিতেও সুয়ারেজের এমন উড়ন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনই প্রত্যাশা ক্লাবটির আরেক মালিক হোর্সে মাস। তার চাওয়া, উরুগুইয়ান তারকার খুনে মানসিকতা ছড়িয়ে পড়বে দলের সবার মধ্যে, ‘বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে আমাদের ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। সে খুবই লড়াকু মানসিকতার। তার জয়ের মানসিকতা সবাইকে প্রভাবিত করে, যেটা আমাদের খেলোয়াড়দের ভেতর থেকে বের করে আনতে চাই আমরা।’
মেসি ছাড়াও মিয়ামিতে বার্সেলোনার আরও কয়েকজন সাবেক সতীর্থকে পাচ্ছেন সুয়ারেজ। এর মধ্যে অন্যতম সার্জিও বুসকেটস এবং জর্দি আলবা। পুরোনো সতীর্থদের সঙ্গে খেলতে তারও যে তর সইছে না, ইতিমধ্যে সুয়ারেজও তা জানিয়ে দিয়েছেন।


মন্তব্য করুন