বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা ৫ বছর বয়সি এক শিশুকে কামড়ে তার মুখ ও মাথা ছিন্নবিছিন্ন করে ফেলেছে বেওয়ারিশ তিনটি কুকুর। গুরুতর আহত মাহিনুর আক্তার নামে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ডেমরার বক্সনগর আলফালা স্কুলের পাশে তাদের বাসার গেটের সামনেই এই মর্মান্তিক ও ভয়ানক ঘটনা ঘটেছে।
শিশুটি তার পরিবারের সাথে আলফালা স্কুলের বিপরিত পাশে একটি বাসায় থাকেন। অটোচালক মতিউর রহমান ও কুলসুম বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে মাহিনুর ছোট।
শিশুর মা জানান, দুপুরের বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল মাহিনুর। হঠাৎ একটি কুকুর প্রথমে তার ওপরে আক্রমণ করে তার মাথায় কামড়ে ধরে। পরে আরও ৩টি কুকুর তার সারা মুখে কামড়াতে থাকে।
তখন তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। তারা কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করে। তাতেও শিশুটিকে ছাড়ছিলো না। এক পর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় লোকজন। পরে বাবা মাকে খবর দিলে তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির সারা মুখমন্ডলে কুকুরের আঁচড় ও কামরানোর কারণে মাংসগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এছাড়া মাথায়ও কামড়ের চিহ্ন আছে।


মন্তব্য করুন