আবারও লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলতে দেখা যাবে লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজকে। উরুগুয়ের স্ট্রাইকারের চুক্তির বিষয়টি শুক্রবার (২২ ডিসেম্বর) নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি।
ব্রাজিলের সিরি এ’র ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি শেষে মেজর লিগ সকারের ক্লাবে যোগ দিবেন সুয়ারেজ। ইতিমধ্যে ক্লাবটিতে মেসির সঙ্গে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস।
নতুন ক্লাব প্রসঙ্গে সুয়ারেজ বলেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণে আমি ভীষণ খুশি ও উত্তেজিত। এই ক্লাবের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি প্রস্তুত।
২০১৪-২০২১ পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে খেলেছিলেন মেসি-সুয়ারেজ। এসময় চারটি লা লিগা শিরোপা, চারটি কোপা দেল রে শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন তারা। এসব শিরোপা অর্জনে আলবা-বুসকেটসেরও অবদান রয়েছে।
আগামী মাস জানুয়ারিতে ৩৭ এ পা দিবেন উরুগুইয়ান স্ট্রাইকার। ২০২৩ মৌসুমে ব্রাজিলের গ্রেমিওর হয়ে ক্যাম্পেওনাতো গাউছো ও রেকোপা গাউছো জিতেছেন তিনি। ৫৪ ম্যাচ খেলে করেছেন ২৯ গোল।