মোংলায় ঈগল প্রতীকের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে নির্বাচন পরিবেশ চরমভাবে লংঘনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন এই সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় মোংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈগল প্রতীকের নেতা কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লংঘনসহ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন, পোষ্টার ছিড়ে ফেলা, নানা ধরনের মিথ্যা অপপ্রচারসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃঙ্খলা নষ্ট করছে।
এ সময় তিনি আরো জানান, ২৬ ডিসেম্বর সকালে নৌকা প্রতীকের প্রচার প্রচারণা ও গণসংযোগ চলাকালীন সময়ে নৌকা প্রতীকের সমর্থক শেখ সাদী বাদলকে ঈগল সমর্থকরা অতর্কিত হামলা করে।
এছাড়া একইদিন (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাঁশতলা এলাকার চায়না মার্কেটেও নৌকা সমর্থকদের উপর হামলা করে ঈগল প্রতীকের কর্মীরা। এ ঘটনায় নৌকা প্রতীকের ৪জন সমর্থক আহত হয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো জানান, বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের প্রচারনায় বাঁধা ও ঈগল প্রতীকের নির্বাচনী সভা থেকে আগামী ৭জানুয়ারির নির্বাচনের পর নৌকার কর্মী ও সাধারণ ভোটারদের এলাকা ছাড়া করার হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে জনমনে নানা সংশয় সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাবেক মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।