থার্টিফার্স্ট নাইটে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের আশপাশের এক কিলোমিটারের মধ্যে ফানুস বা অনুরূপ বস্তু না ওড়াতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।
ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, গত থার্টিফার্স্ট নাইটে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানোর কারণে সেগুলোর অবশিষ্ট অংশ এসে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এর ফলে ১ ও ২ জানুয়ারি নির্ধারিত সময়ে মেট্রোরেল চালানো সম্ভব হয়নি। সেগুলো পরিষ্কার করে তাদেরকে মেট্রোরেল চালানোর ব্যবস্থা করতে হয়েছে। তাই নগরবাসীকে অনুরোধ জানান থার্টিফার্স্ট নাইটে যেন মেট্রোরেল লাইনের আশপাশের এক কিলোমিটারের মধ্যে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানো না হয়।
এম এ এন সিদ্দিক বলেন, এবার তারা ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। যেহেতু ডিএমপি অনেকগুলো নিষেধাজ্ঞা থার্টিফার্স্ট নাইট উপলক্ষে দিয়ে থাকে। সেই নিষেধাজ্ঞার মধ্যে যেন এগুলো অন্তর্ভুক্ত করা হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষও এবার এ বিষয়ে তৎপর থাকবে জানিয়ে তিনি বলেন, মেট্রোরেলের ২০ কিলোমিটারের রুট অ্যালাইনমেন্টকে তারা সাত ভাগে ভাগ করেছেন। থার্টিফার্স্ট নাইটে রাত ৩টা থেকে তাদের টিম দিয়ে মেট্রোরেলের সেই লাইন পরীক্ষা করানো হবে, যাতে কোনো ধরনের বস্তু না থাকে। তবে তাদের প্রত্যাশা রুট অ্যালাইনমেন্টের উভয় পাশের এক কিলোমিটারের মধ্যে যেন ফানুস ওড়ানো না হয়। তাহলে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে এবং ঢাকাবাসীকে সেবা দিতে পারবেন।



মন্তব্য করুন