প্রাণপণ লড়ে গেলেন বিরাট কোহলি। কিন্তু তিনি একা আর কতই বা করবেন। দলের বাকিদের নিদারুণ ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতকে দেখতে হয়েছে ইনিংস এবং ৩২ রানের হার, সেটাও ম্যাচের তৃতীয় দিনেই।
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসেও ভারতীয় ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। লড়েছিলেন কেবল লোকেশ রাহুল। সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই ২৪৫ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন দলকে। জবাবে ডিন এলগারের সেঞ্চুরি, ডেভিড বেডিংহাম এবং মার্কো জেনসেনের হাফসেঞ্চুরিতে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের রানপাহাড়ে তুলেন আগের দিনই সেঞ্চুরি পাওয়া এলগার। ১৪০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। জেনসেনকে সঙ্গী করে বৃহস্পতিবার ডাবলসেঞ্চুরির পথেই ছুটছিলেন তিনি। কিন্তু ১৮৫ রানেই তাকে থামিয়ে দেন শার্দুল ঠাকুর। তবে ৮৪ রান করে অপরাজিতই থেকে যান জেনসেন।
এই যুগলের চওড়া ব্যাটেই মূলত প্রথম ইনিংসে ১৬৩ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের ওই লিডের চাপেই বুঝি পিষ্ট হলো তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইনআপ। ১৩১ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার মানতে বাধ্য হয় অতিথিরা। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়েছেন জেনসেন। ৩৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ৭৬ রান করা কোহলিকে ফিরিয়ে তিনিই ইতি টানেন ম্যাচের। তবে বোলিংয়ে তার থেকেও উজ্জ্বল ছিলেন নানদ্রে বার্গার (৪/৩৩)। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা এবার নেন ২ উইকেট। তবে তারা কেউ নন, ম্যাচসেরা হয়েছেন এলগার।