হয়েছে চক্রপূরণ। কোনো সংস্করণেই স্বাগতিক নিউজিল্যান্ড এখন আর অজেয় নয় টিম বাংলাদেশের কাছে। কিউইদের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি জিততে না পারার আজন্ম আক্ষেপ টাইগাররা মিটিয়েছে তিন দিনের ব্যবধানে। নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডে জয়ের পর বুধবার প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার তাদের সামনে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়েই বৃহস্পতিবার নেলসন ছেড়ে মাউন্ট মঙ্গানুইয়ে পাড়ি জমিয়েছে টাইগাররা।
পরদিন ম্যাচ, তবুও এদিন মাঠমুখো হয়নি টিম বাংলাদেশ। ভ্রমণ ক্লান্তি দূর করতে নিয়েছে বিশ্রাম। টানা ম্যাচ খেলার কারণে অনুশীলনের থেকে বিশ্রামকেই জরুরি মনে করেছে টিম ম্যানেজমেন্ট। শান্তর দলকে আজকের ম্যাচের জন্য চাঙা রাখতেই এই পথে হাঁটা, এমনটাই জানিয়েছেন দলের সহকারী কোচ নিক পোথাস, ‘লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে, এমন নয়।’
মাউন্ট মঙ্গানুই পৌঁছে ব্যাট-বলের প্রস্তুতি না হলেও নিউজিল্যান্ডের মতো শক্তিধর দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নেওয়ার মানসিক প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না পোথাস, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন, শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের দুই বলে কী হবে, তা ভাবতে পারবেন না। কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না, তারা বিশ্বের অন্যতম সেরা দল।’
সেই দলটাকেই প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। সেটাও অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই। সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের অনুপস্থিতিতে বর্তমানে যে দলটা খেলছে, যেভাবে তারা মাঠে পারফর্ম করছে, তাতে উজ্জ্বল ভবিষ্যতের ছবিই দেখতে পাচ্ছেন পোথাস, ‘আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়টা বেশ বড়। এই ছেলেরা যদি আগামী দুই-তিন বছর খেলতে থাকে, দেখিয়ে দেবে তারা কী করতে পারে।’
চলতি বছর ১২ টি-টোয়েন্টি খেলে ১০টিতে জয়, শিষ্যদের নিয়ে বড় গলায় কথা বলতে এমন পরিসংখ্যান পোথাসকে করেছে আত্মবিশ্বাসী। এরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, চাপ অনুভব করে না, বরং চ্যালেঞ্জ তারা উপভোগ করে, উদ্দীপ্ত হয়। সে কারণেই অস্বস্তির টি-টোয়েন্টিতেও এখন ভীষণ উজ্জ্বল টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনেও পোথাস তাই বলে দিলেন, ‘এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’