রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় শিল্পী বেগম (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। ডিএমপির হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাজারীবাগের বেরিবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিল্পী বেগম বরিশাল গৌরনদী উপজেলার নরসিংগাল গ্রামের আল আমিন হাওলাদারের স্ত্রী। বর্তমান হাজারীবাগ সালাম সরদার রোড বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

মৃতের ছেলে মো. হৃদয় জানান, তার মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সকালে কাজে বের হন। সেখান থেকে বাসায় ফেরার পথে বেরিবাঁধ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

এএসআই মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।’