ভোট ডাকাতি ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে নির্বাচন কমিশনকে (ইসি) লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ।

আগামী শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভোট ডাকাতির ৫ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে’ সমাবেশ ও গণমিছিল করবে মঞ্চ। সেখান থেকে নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন করবে তারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় ‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহ্বান নিয়ে কাওরানবাজারের পেট্রো বাংলার সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ নেতারা এ ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।

নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষের অধিকাংশ ও প্রবল মতামত তথা বিরোধী সকল মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রায় দাঁড়প্রান্তে। এখন প্রহসনের ক্ষণটা কেবল মঞ্চস্থ করা বাকি। যে নির্বাচনটাকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে সেটা নিয়ে নানান ষড়যন্ত্র করছে সরকার। দেশ নিয়ে এসব খেলা জনগণকে রুখে দিতে হবে। দেশে ভাগ বাটোয়ারার এই একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপদে নিয়ে যাবে।