রাজধানীর গুলবাগে ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত (১৮) নামে সদ্য এসএসসি পাস করা এক ছাত্র মারা গেছেন।
সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে গুলবাগ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিক্ষার্থী গুলবাগে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন কমলাপুরের দিকে চলে যায়। হঠাৎ কমলাপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন সিফাত। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিফাতের বাবা আবুল হোসেন জানান, তাদের বাসা যাত্রাবাড়ী মিরহাজিরবাগ নবীনগর এলাকায়। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসএসি পাস করেন সিফাত। সন্ধ্যায় তার এক খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে ওই এলাকায় গিয়েছিলেন তিনি। লোক মারফত তার বাবা সংবাদ পান ট্রেন দুর্ঘটনায় কবলিত হন সিফাত। পরে হাসপাতালে ছেলের মরদেহ দেখতে পান বাবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


মন্তব্য করুন