হকাররা রাস্তা ও ফুটপাথ দখল করে দোকানপাট বসানো পর উচ্ছেদ করার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছে হকাররা।

বুধবার (১৫ মে) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬ ঘণ্টার মতো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

হকাররা জানান, পুনর্বাসন না করে উচ্ছেদের অভিযান কোনওভাবেই কাম্য নয়। তবে পুলিশের পক্ষ থেকে হকারদের তালিকা চেয়ে তিনদিন সময় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাস্তা ও ফুটপাথ দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা বসানোর কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে ভোগান্তি হয়। এ কারণে নিরাপদ সড়ক নিশ্চিতে ও জনভোগান্তি কমাতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধভাবে রাস্তা ও ফুটপাথ দখল করে বসানো দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে উচ্ছেদের বিরোধিতা করে অনেকে উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে।

আন্দোলনকারী বেশ কয়েকজন হকার বলেন, তারা দীর্ঘদিন ধরে লালবাগের বিভিন্ন এলাকায় ফুটপাথে দোকান করে আসছেন। কোন ধরণের পুনর্বাসন ছাড়া দোকান উচ্ছেদ করায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে স্থায়ী ব্যবস্থা করে ফুটপাথ উচ্ছেদের দাবি জানান তারা। লালবাগ বিভাগের ৬টি থানা থেকে দেড় হাজারের বেশি হকার বিক্ষোভে অংশ নিয়েছেন বলে তারা দাবি করেন।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, কিছুদিন পর পর পুলিশ হকারদের উচ্ছেদ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা। বিষয়টি নিয়ে নানা সময়ে আশ্বাস দেওয়া হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে বুধবার লালবাগ বিভাগের ৬টি থানা এলাকা থেকে হকাররা এসে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ডিএমপি কমিশনারসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি নিয়ে যাবেন হকাররা।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান বলেন, তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া তাদের কাছে প্রকৃত হকারদের তালিকা চাওয়া হয়েছে।