রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে একটি বাসার চারতলার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার রাত্রি (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই কিশোরীর মা জায়েদা আক্তার জানান, তার দুই মেয়ের মধ্যে বড় ছিল খাদিজা। তবে সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রতিদিন সকালে চারতলা বাড়ির ছাদে হাঁটতে যেত খাদিজা। আজ সকালে সবাই যখন ঘুমে তখন একা একাই খাদিজা ছাদে যায়। এর কিছুক্ষণ পর তার ছোট বোন আমেনা আক্তার কণাও ছাদে যায়। তবে সেখানে গিয়ে বড় বোনকে দেখতে পায়না। পরে খাদিজাকে খোঁজাখুঁজি করে দেখি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে তারা সেখান থেকে খাদিজাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ভবনের ছাদে চার পাশে রেলিং রয়েছে। তারপরও কীভাবে খাদিজা নিচে পড়লো জানা নেই তাদের।

খাদিজার বাবা কাওসার আহমেদ ব্যবসায়ী এবং মা জায়েদা আক্তার গৃহিণী। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ওই বাড়িটির চতুর্থ তলায় সপরিবারে ভাড়া থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে মুমুর্ষ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, চারতলা বাসার ছাদ থেকে নিচে পরে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।