ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এমনই অভিযোগের প্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তার দুই উকিল আশীষ রাই এবং পঙ্কজ মিশ্র। প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষে কাপুর পরিবারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবারের সেই অনুষ্ঠানে মেয়ে রাহাকে প্রকাশ্যে নিয়ে আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেদিনের এক ভিডিওতে রণবীরকে দেখা যায় একটি কেকের ওপর মদ ঢেলে আগুন ধরাতে। সঙ্গে ‘জয় মাতাজি’ বলতে শোনা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই চটেছেন।

অভিযোগে বলা হয়েছে, সনাতন ধর্মে সবাই অগ্নি প্রজ্বালনের পাশাপাশি হিন্দু দেব-দেবীর আরাধনা করে আর এই ভিডিও তার অপমান। রণবীর কাপুর ইচ্ছাকৃতভাবে মদ ব্যবহার করেছেন, আগুন জ্বালিয়েছেন এবং দেবী-দেবতাদের আহ্বান করেছেন ও ‘জয় মাতাজি’ স্লোগান তুলেছেন।