রাজধানীর মতিঝিল এজিবি কলোনীর একটি বাসা থেকে সেলিনা আক্তার (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলিনার স্বামী ও পুলিশের দাবি, সেলিনা আত্মহত্যা করেছে।

বুধবার (২৯ মে) বেলা ৩টার দিবে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, এজিবি কলোনীর হাসপাতাল জোন এলাকার নিচতলা বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহ ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সেলিনার স্বামী হুমায়ুন কবির জানান, সেলিনার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। সেলিনার বাবার নাম সেলিম। ৫ মাস আগে দু’জন প্রেমের সম্পর্কে বিয়ে করেন। মতিঝিল এজিবি কলোনীর হাসপাতাল জোনের একটি বাসায় ভাড়া থাকেন। সে নিজে একটি ছাপাখানায় কাজ করতেন। তার স্ত্রী সেলিনা একটি কারখানায় কাজ করতেন।