শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুক্রবার (৩১ মে) রাত ৮টায় ২৭১ জন কর্মী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু টিকেট ছাড়াই কয়েকশ মানুষ সকাল থেকে ঢাকার বিমানবন্দরে ভিড় করেন মালয়েশিয়া যাওয়ার জন্য। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্য়ন্ত কয়েকশ যাত্রী অপেক্ষায় ছিলেন, অনেককে কান্নাকাটি করতে দেখা যায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বিভিন্ন ট্রাভেল এজেন্সির দালালদের কথায় টিকিট ছাড়াই শুক্রবার ভোর থেকে তারা অপেক্ষা করছেন বিমানবন্দরে। টিকেট না পাওয়ায় ৩০ হাজারের বেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারবেন না বলে জানা গেছে।

কয়েকজন যাত্রী জানান, দুপুর ১টায় বিমানের একটি ফ্লাইটে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা ছিল। কিন্তু বিকাল সাড়ে ৪টায়ও ওই দালালের কোনো খবর নেই, টিকিটও দেননি। এ অবস্থায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়েছে পড়েছে।

মালয়েশিয়া যেতে বাংলাদেশি নতুন কর্মীদের সময় শেষ হচ্ছে শুক্রবার। এই সময়সীমার সুযোগ নিয়ে একটি চক্র মালয়েশিয়ার টিকেটের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই রুটে ৩০ হাজার টাকার টিকেটের দাম ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এ নিয়ে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

মনিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, এজেন্সি তাদের দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকেট দিতে পারেনি। বলছে, টিকেটের দাম বেশি হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না।

এদিকে, সিএনএর এক প্রতিবেদনে এ বলা হয়েছে, শুক্রবার (৩১ মে) থেকে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। ফলে দেশটিতে শেষ সুযোগ হিসেবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ শ্রমিক আনছে। এতে করে বিমানবন্দরে শ্রমিকদের বিশাল জটলা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকেরা বিমানবন্দরে আটকা পড়েছেন।

অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদেরকে বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বিমানবন্দরে এখন তিল ধারণের ঠাই নেই।

সামাজিক যোগাযোগমমাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে শ্রমিকদের শুয়ে বসে থাকতে দেখা গেছে। বিমানবন্দরের এমন দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশটির অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল দাতুন রুসলিন জসুহ মুখ খুলেছেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় সাধারণত প্রতিদিন ৫০০ থেকে এক হাজার বিদেশি শ্রমিক আসেন। তবে গত ২২ মে থেকে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এরপর ২৭ মে থেকে তা বেড়ে ৪ হাজার থেকে সাড়ে চার হাজারে গিয়ে ঠেকেছে। আগামীকাল এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, শ্রমিকরা যেনো ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে পর্যাপ্ত খাবার আর পানীয়ের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি মোকাবিলায় নিয়োগকারীদের সহযোগিত চান তিনি।