আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর একাধিক স্থানে বসছে কুরবানির পশুর অস্থায়ী হাট। আগামী ১৩ জুন আনুষ্ঠানিকভাবে হাটের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে একাধিক হাটে গরু উঠতে শুরু করেছে। হাটগুলো প্রস্তুত হলেও এখনও সেখানে পুরোদমে শুরু হয়নি পশু কেনাবেচা। তবে ভিন্ন চিত্র দেখা যায় স্থায়ী হাট গাবতলী ও সারুলিয়া পশুর হাটে। সেখানে যেমন প্রচুর গরু উঠেছে তেমনি চলছে কেনাবেচা।

ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পশুর হাটে ব্যাপক হারে গরু আসতে শুরু করেছে। হাট জমে না উঠলেও নিজেদের দুর্ভোগ কমাতে আগেভাগে চলে এসেছেন বলে জানান পশু ব্যবসায়ীরা। চলতি বছরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অস্থায়ী ২০টি এবং স্থায়ী দুটি হাটে পশু বিক্রি হবে। এসব হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি কমাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার জন্য জাল টাকা শনাক্ত মেশিন, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ, সাদা পোশাকে টহল, ওয়াচ টাওয়ার নির্মাণসহ সব ব্যবস্থা থাকবে বলে জানায় ডিএমপি সূত্র। এরপর পৃষ্ঠা ১১
এদিকে রাজধানীর হাজারীবাগ, ঢাকা পলিটেকনিক কলেজ মাঠ, মিরপুর ৬ নম্বর ইস্টার্ন হাউজিংয়ের মাঠসহ সব অস্থায়ী হাট কুরবানির পশুর জন্য প্রস্তুত করা হয়েছে। আংশিক জমে উঠেছে হাটগুলো।

ইজারাদাররা বলছেন, হাটগুলো আনুষ্ঠানিক শুরু হবে আগামী ১৩ জুন। কিছু ব্যবসায়ী তাদের সুবিধার জন্য পশু নিয়ে আগেই চলে এসেছেন। নির্ধারিত দিনে পশু এনে বিক্রি করা কষ্ট হবে বলে এখনই হাটে এসে দুয়েকটি করে পশু বিক্রি করছেন। আমাদের প্রায় সব পশুর হাটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশনের নির্দেশনা মেনে পাঁচ শতাংশ হারে হাসিল আদায় করা হবে বলে জানান তারা।

পল্লবী থেকে মিরপুর ৬ নম্বর ইস্টার্ন হাউজিং মাঠে কুরবানির পশু কিনতে আসা আবিদ হোসেন সময়ের আলোকে বলেন, চলতি বছরে গরুর দাম আগের চেয়ে বেশি। তবে এখনই কিনছি না, হাট ঘুরে দেখছি। ঈদের দুয়েক দিন আগে কিনব। কারণ বাসায় নিয়ে এতদিন রাখার মতো ব্যবস্থা নেই।

ঢাকা পলিটেকনিক কলেজ মাঠে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ী আকমল হোসেন বলেন, সড়কের দুর্ভোগ এড়াতে আমরা আগে চলে এসেছি। প্রতি বছরে মতো এবারও দ্রুত সময়ের মধ্যে পশু বিক্রি করে বাড়ি ফিরতে চাই। তিনি আরও বলেন, এখন তো কেনাবেচার শুরুর দিক, তাই ক্রেতা কম। তবে আশা করি ঈদ এগিয়ে এলে বিক্রি বাড়বে। এবারের তীব্র গরমের কারণে কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।