চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর বাবা মারা গেছেন। মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। রাজধানীর ভাটারা এলাকার একটি ভবনে সে পরিচিত এক দাদীর সঙ্গে থাকে। অনেকদিন ধরেই মায়ের কাছে যেতে চাইছিল মেয়েটি। কিন্তু দাদী যেতে দেননি। এ নিয়ে দাদীর ওপর অভিমান করে সে। তাকে ফাঁকি দিয়ে বুধবার (১৯ জুন) সকালে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে যায় মেয়েটি। বুধবার (১৯ জুন) এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, বাইরে থেকে মেয়েটিকে বহুতল ভবনের কার্নিশে আটকা পড়ে থাকতে দেখে এক ব্যক্তি জাতীয় জরম্নরি সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন এবং ভাটারা থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন ও ভাটারা থানা পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সাততলার ফ্ল্যাটের ভেতর থেকে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে ওই কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধার করেছে। পরবর্তীতে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৪ বছর বয়সী মেয়েটির গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়।


মন্তব্য করুন