স্পিন বোলিং কোচ হিসেবে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন মুশতাক আহমেদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল।
অল্প সময়েই দারুণ কাজ করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই লেগস্পিনার। তার শেখানো মন্ত্রে বিশ্বকাপে বেশ ভালো করেছেন টাইগার স্পিনাররা, বিশেষ করে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। যে কারণে লম্বা সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেই চাওয়ায় সাড়া দেননি তিনি।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুশতাক। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করবেন তিনি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এটা আগে থেকেই ঠিক করা ছিল। যে কারণে বিশ্বকাপ শেষে চাইলেও তার সঙ্গে চুক্তি নবায়ন সম্ভব হচ্ছে না।
বিষয়টি জানা ছিল বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মুশতাকের সঙ্গে আমরা চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।’
পাপন সেদিন বিষয়টা পুরোপুরি খোলাসা না করলেও সোমবার বিষয়টি কিছুটা হলেও পরিষ্কার করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ^কাপের কথা মাথায় রেখে ওইটুকু সময় পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। তার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
অর্থাৎ ডিসেম্বরের আগপর্যন্ত চাইলেও মুশতাককে পাওয়া যাচ্ছে না। তবে সুযোগ থাকলে এর ফাঁকে ফাঁকেই নাকি টাইগারদের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তানি কিংবদন্তি।
নিজামউদ্দিন এমনটাই বললেন, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সেই সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’ বিসিবির প্রধান নির্বাহী যোগ করেন, আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের বোর্ড প্রধান জানিয়েছেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’


মন্তব্য করুন