টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল পাকিস্তান। বিশ্বকাপ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে, তবে পাকিস্তান ক্রিকেটের গৃহযুদ্ধ এখনও থামেনি। বিশ্বকাপে ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয় নির্বাচক কমিটির প্রধান ওয়াহাব রিয়াজকে। এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে পেসার শাহীন শাহ আফ্রিদির একটি ঘটনা।

পাকিস্তানি গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ চলাকালে কোচদের সঙ্গে দুর্ব্যবহার করা ছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জমা পড়েছে শাহীনের বিরুদ্ধে। এমনকি দলের শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এই পেসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি ওয়াহাব।

এ নিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, কোচদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহীন। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হতে পারে। যদিও বিষয়টি এখনও পরিষ্কার করেনি পিসিবি।

এদিকে ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, অনুশীলনের সময় একের পর এক নো বল করছিলেন শাহীন। যা দেখে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ এগিয়ে গেলে শাহীন বলেন, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন এবং মাঝখানে কথা বলবেন না।’ যদিও পরে তাকে সতর্ক করা হলে মোহাম্মদ ইউসুফের কাছে ক্ষমা চান শাহীন।

তবে দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ সিরিজ থেকে শাহীনের বাদ পড়াটা একরকম নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিকভাবে জানানোর অপেক্ষা।