আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের পর দিন নাগরিক দিবস হিসেবে ঘোষণা করেছেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শিরোপা জিতে বিভাজন ভুলে সেদিন সবাই একসাথে উল্লাসে মাতবেন সবাই সেই প্রত্যাশা তার। আর শিরোপা ধরে রাখার মিশনে ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে খেলবে আর্জেন্টিনা। অপরিবর্তিত থাকতে পারে আলবিসেলেস্তে একাদশ।

২০০১ সালে সবশেষ কোপা আমেরিকার ফাইনাল খেলেছিলো কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সেবারই শেষ শিরোপা জিতেছিলো দেশটি।

২৩ বছর পর আবারও চ্যাম্পিয়নের হাতছানি কলম্বিয়ার। বিশ্বসেরা আর্জেন্টিনাকে হারিয়ে উৎসবে মাতার অপেক্ষায় গোটা দেশ। আর সেজন্য সোমবারকে নাগরিক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সেদিন চাইলে ছুটি কাটাতে পারবেন সরকারি চাকুরিজীবীরা। তবে সে সুযোগ থাকছেনা বেসরকারি চাকুরিজীবীদের জন্য।

কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, কলম্বিয়া ফুটবল দল আমাদের ঐক্যের প্রতীক। সহিংসতা কিংবা বিভাজনের নয়। কলম্বিয়ার জাতীয় পতাকা দেশের মানুষের পারস্পরিক বন্ধনের প্রতীক। সেজন্য সোমবার জয় উদযাপনে আমরা নাগরিক দিবস পালন করব।