কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে সোমবার (১৫ জুলাই) ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের এই লড়াই দিয়েই আর্জেন্টাইন ফুটবলে আনহেল ডি মারিয়া অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে। লিওনেল স্কালোনির দলের সর্বশেষ তিন ফাইনাল জয়ের এই নায়ক এবারের কোপার ফাইনাল দিয়েই দেশের জার্সিখানা তুলে রাখবেন। কিংবদন্তির শেষ ম্যাচে নামার আগে তাকে শ্রদ্ধায় ভাসিয়েছেন লিওনেল মেসিরা।
জাতীয় দলের জার্সিখানা তুলে রাখার আগে নিজের শেষ অনুশীলন করেছেন ডি মারিয়া। এরপর ফাইনালের আগে দলের ডিনারের সময় এই কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানিয়েছে পুরো দল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ডি মারিয়াকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মেসি।
এছাড়াও, ডি মারিয়ার শেষ ম্যাচের আগে তাকে দলের পক্ষ থেকে জাতীয় দলের একটি জার্সি উপহার দেয়া হয়েছে। ডি মারিয়ার ১১ নম্বর সেই জার্সিতে নামের জায়গায় লেখা রয়েছে, ‘ধন্যবাদ ফিদেও।’
আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ ৩টি ফাইনালে জয় পেয়েছে। ২০২১ এর কোপা আমেরিকা, ২০২২ র লা ফিনালিসিমা এবং ২০২২ এর কাতার বিশ্বকাপে জয়ের অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া। সর্বশেষ কোপায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলেই জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এরপর ২০২২ এর ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। এমনকি ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ তিন ফাইনালেই গোল করা করা কিংবদন্তি এই ফুটবলার নিজের সর্বশেষ ফাইনালেও গোল পাবেন এমন প্রত্যাশাই করেছেন মেসি।


মন্তব্য করুন