রাতটা হ্যারি কেনের ছিল না, ম্যাচটাও নয়। টুর্নামেন্টটা তার নয়, তার দল ইংল্যান্ডেরও না। রাতটা ছিল নাটকীয়, ভীষণ চাপের। তবুও ইংলিশরা আশায় বুক বেঁধেছিল। ভেবেছিল অতীত বদলাবে এবার। ‘ইটস কামিং হোম’-ছন্দময়তায় কথাটা শোনা যাচ্ছিল বেশ। কিন্তু রোববার রাতে বার্লিনের অলিম্পিয়াস্তাদিও স্টেডিয়ামে স্পেন বুঝিয়ে দিল-১৯৬৬ সালের পর থেকে যে অভিশাপ তাড়া করছে ইংল্যান্ডকে, তা এবারও মোচন হওয়ার নয়। অর্থাৎ ‘ওয়ানস এগেইন ইটস নট কামিং হোম!’

দলের মতো দলপতি কেনকেও বুঝি তাড়া করছে অভিশাপ। তা না হলে দীর্ঘ ক্যারিয়ারে এই স্ট্রাইকার এখন পর্যন্ত শিরোপাহীন থাকবেন কেন? এমনিতে তার ব্যক্তিগত অর্জনের ঝুলিটা বেশ সমৃদ্ধ। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটও আছে সেখানে। কিন্তু দলীয় কোনো প্রাপ্তি নেই। ইংল্যান্ডের হয়ে কিছু তো জিততে পারেনইনি, শিরোপা পাননি ক্লাবের জার্সিতেও। লম্বা সময় খেলেছেন ইংলিশ প্রিমিয়ারের ক্লাব টটেনহামে। একরাশ হতাশা নিয়ে গত মৌসুমে কেন পাড়ি জমিয়েছেন বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখে। জার্মান ফুটবলে দলটি জায়ান্ট। ভূরিভূরি সাফল্য তাদের। কেন যোগ দেওয়ার পর সেই দলটিই কি না কাটিয়েছে শিরোপাহীন মৌসুম!

ম্যাচের পর ম্যাচ গোল করেছেন কেন। কেবল জার্মানি নয়, ইউরোপের শীর্ষ লিগগুলোর হিসাব ধরলে তার থেকে বেশি গোল গত মৌসুমে করতে পারেননি কেউ। কিন্তু অজানা অভিশাপে তিনি পড়ে আছেন অভাগাদেরই দলে। বিষয়টা মাথায় রেখেই কি না কে জানে, ইউরোর ফাইনালে ৬১ মিনিটে কেনকে মাঠ থেকে তুলে নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। লাভ হয়নি। জুড বেলিংহাম-বুকায়ো সাকা-ফিল ফোডেনরা চেষ্টা করেছেন, বদলি হিসেবে মাঠে নামার পরপরই পালমার তো সমতাও ফিরিয়েছিলেন। তবুও শেষরক্ষা হয়নি। মহাদেশীয় টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলেও হার দেখতে হয়েছে ইংলিশদের।

শেষের গোলে শিরোপাভাগ্য নিজেদের করে নিয়ে স্পেন শিবির যখন আনন্দে মাতোয়ারা, কেন তখন ডাগআউটে ঠায় দাঁড়িয়ে। চোখে-মুখে রাজ্যের হতাশা। বহুকষ্টে আবেগ সামলেছেন, কিন্তু কষ্টটা লুকাতে পারেননি। আরেকটি ফাইনালে হার দেখার পর কেনের নিজেরও মনে হচ্ছে-এই কষ্ট সহসাই ঘুচবার নয়। তারকা স্ট্রাইকার আক্ষেপ করে বলেছেন, ‘দলের জন্য আরেকটি কঠিন মুহূর্ত, ব্যক্তিগতভাবে আমার জন্যও।…এত কাছে এসেও জিততে না পারা, আমরা এখন (মানসিকভাবে) তলানিতে আছি। আমরা শিরোপা জয়ের পথ বের করতে পারিনি। এটা লম্বা সময় ধরে আমাদের কষ্ট দেবে।’