২০১৮ সালের পর আবারও নারী এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন উঁকি দিচ্ছিল বাংলাদেশ নারী দলের সামনে। পাঁচ বছর আগে যাদের হারিয়ে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল টাইগ্রেসরা, সেই ভারতের কাছে এবার ১০ উইকেটে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে।
রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে এদিন ভারতের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। বলা যায় ব্যাটারদের ব্যর্থতার জন্যই এমনটা হয়েছে। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত দুই দুর্বল দল থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠলেও ভারতের বিপক্ষে ছিল না এর ছিটেফোঁটাও।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শোনান হতাশার গল্প। নিগার সুলতানা জ্যোতি স্বীকার করেন ম্যাচটা যেভাবে শুরু করতে চেয়েছিলেন সেভাবে হয়নি, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। পাওয়ার প্লেতে রান করতে পারিনি, যার ফলে এগিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এটা মানসিক চাপে ফেলে।’
নিকট অতীতে ভারতের বিপক্ষে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজেও হতাশ করেন ব্যাটাররা। নিগার মনে করছেন, প্রতিপক্ষ ভারত হলেই সব ভিন্নরকম হয়ে যায়, ‘যখন ভারতের বিপক্ষে খেলা, তখন ভিন্নভাবে খেলছে। আমাদের ব্যাটিং ইউনিটে কাজ করতে হবে। শুধু এই কারণে আমরা অনেক ম্যাচ হেরেছি। আশা করি কোচরা ভালো একটা পরিকল্পনা সাজাবেন। এটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা। বিশ্বকাপের আগে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এক দিন আগে যে দুজন ওপেনার দারুণ একটা জুটি গড়েছিলেন, এদিন দিলারা আক্তার-মুর্শিদা খাতুনের জুটি ভাঙে ৭ রানে। দিলারা করেন ৪ বলে ৬ রান, মুর্শিদা করেন ৯ বলে ৪ রান। তিন নম্বরে নেমে ইসমা তানজিন করেন ১০ বলে ৮ রান।
দলের বিপাকে একপাশ আগলে খেলেন অধিনায়ক জ্যোতি। দুই বাউন্ডারিতে ৩২ রান করলেও খেলেন ৫১টি বল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দল, শেষ দিকে স্বর্ণা আক্তার করেন ১৮ বলে ১৯ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮০ রান করে বাংলাদেশ। ভারতের পক্ষে রেনুকা সিং ও রাধা যাদব নেন ৩টি করে উইকেট।
ছোট লক্ষ্যের জবাবে ১১ ওভারেই ম্যাচ শেষ করেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ২৮ বলে দুই বাউন্ডারিতে ২৬ করেন শেফালি। নয় বাউন্ডারিতে ৩৯ বলে মান্দানা খেলেন ৫৫ রানের ইনিংস।


মন্তব্য করুন