ড. ইউনূসের সাজায় আমাদের কোনো সমস্যা হবে না, কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. ইউনূস একজন নোবেল লরিয়েট। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। পৃথিবীতে অনেক নোবেল লরিয়েটই অন্যায় করেছেন, ক্রিমিনালি করেছেন। এজন্য তাদের শাস্তি হয়েছে। এতে কারও সঙ্গে কারও সম্পর্ক নষ্ট হয়নি।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। তবে তিনি ক্রিমিনালি কাজ করেছেন। তিনি তার শ্রমিকদের পয়সা দেননি, তাদের ঠকিয়েছেন। এজন্য আদালতের মাধ্যমে তার বিচার হয়েছে। এটা আদালতের ব্যাপার। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তিনি পেয়েছেন।
তিনি আরও বলেন, বিবিসি একটি মিডিয়া। মিডিয়া অনেক সময় রকমারি কিছু করে পাঠক টানতে চায়। তারা প্রায়ই এরকম করে। কিন্তু মিডিয়ার রিপোর্ট দেখে কোনো দেশই তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে না। সব সরকারই বিচার বিশ্লেষণ করে, ভবিষ্যৎ সম্পর্ক, নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা করতে পারলেই আমরা সফল। আমাদের দেশবাসী কী বলল সেটাই বড় কথা। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করল সেটা মুখ্য বিষয় নয়।
এর আগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার প্রবাসীবান্ধব সরকার। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও একাত্তর-পরবর্তী দেশ গঠনে প্রবাসীরা সবসময় বঙ্গবন্ধুর সঙ্গে ছিল। শেখ হাসিনাকেও আশ্রয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রবাসীরাই। প্রবাসীরা দেশপ্রেমিক-তাদের স্বদেশপ্রেম প্রগাঢ়।



মন্তব্য করুন