এশিয়ান ফুটবল ফেডাশেনের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ। যদিও সেখানে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে আসরটিতে সুযোগ পাওয়া ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে মাঠ মাতাবেন চার বাংলাদেশিÑসাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও রিতুপর্ণা চাকমা। আসরকে সামনে রেখে সোমবার সকালে ভুটানে পা রেখেছেন তারা।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিস্বরূপ ভুটানে খেলা দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো চার বাঘিনিকে মনে ধরে নারী চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া দল রয়েল থিম্পুর, যারা আসন্ন লিগটিতে ‘ডি’ গ্রুপে রয়েছে। আসরে আলো ছড়াতে সাবিনা-মারিয়াদের দলে ভিড়িয়েছে ক্লাবটি। তিন সপ্তাহের চুক্তি হয়েছে তাদের।
যদিও সাফের আগে ওয়ার্কলোড বিবেচনায় সাবিনা-মারিয়াদের ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হবে, এমন বিবেচনায় পরে ছাড়পত্র দিয়েছে সংস্থাটি। ২৫ আগস্ট ইরানের ক্লাব বাম খাতুনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রয়েল থিম্পু।


মন্তব্য করুন