কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় আহত মইনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ছেলে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় বাবার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৯ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর বালিরদিয়ার গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে আহত হয়।

নিহত মইনুর রহমানের ছেলে তামিম আহমেদ জানান, তাদের বাড়ি দৌলতপুরে। তিনি নিজে কুষ্টিয়া সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে তিনি প্রথম থেকেই অংশ নিচ্ছিলেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তামিম কুষ্টিয়া কলেজ থেকে বাড়িতে যান। বাড়িতে গিয়েও দৌলতপুরে ৫আগস্ট শান্তি মিছিল করেন। এসব দেখে তাদের গ্রামের আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের বাড়িতে গিয়ে তার বাবাকে হুমকি ধামকি দিয়ে আসে। ছেলে বেশি বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। হুমকিতে ভয় পেয়ে মইনুর রহমান ৯ আগস্ট শুক্রবার ছেলে তামিমকে জুমার নামাজ পড়ে বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। সেই কথামতো তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।

তামিম আরো জানান, তার বাবা ইজিবাইকে করে বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন। ৯ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে টাকা কালেকশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় নিজ গ্রামে তার পথরোধ করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওইদিনই সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয় , সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায় পঙ্গু হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান হাতটি পুরোপুরি কেটে ফেলে দেয়া হয়। অবস্থার অবনত দেখে ১৫ই আগস্ট তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।