রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার দেখেছে পাকিস্তান। এরপর থেকে ব্যাপক সমালোচিত হচ্ছে শান মাসুদের দল। কেউ কেউ তো ধুয়ে দিচ্ছেন দল নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্টকেও। যথাযথ কারণও আছে। প্রথম টেস্ট স্বাগতিকরা খেলেছে চারজন পেসার নিয়ে। বিশেষজ্ঞ কোনো স্পিনারই ছিল না একাদশে।

টেস্ট শুরুর আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে থাকার পরও তাই ছেড়ে দেওয়া হয়েছিল তরুণ লেগস্পিনার আবরার আহমেদকে, তার সঙ্গে বাদ পড়েছিলেন কামরান গুলাম আর আমের জামাল। শেষের জন বাদ পড়েন মূলত ফিটনেস ইস্যুতে। এই সিমিং অলরাউন্ডার এখনও পুরোপুরি ফিট নন। তবুও তাকে ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরিয়েছে পাকিস্তান। প্রথম টেস্টের জন্য বাতিলের খাতায় ফেলে দেওয়া আবরার আর গুলামকেও ফেরানো হয়েছে ১৭ সদস্যের স্কোয়াডে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য আবরারকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তান শাহিনসের হয়ে ৪ উইকেট নেন ২৫ বছর বয়সি এই লেগি। টেস্ট ক্যারিয়ারের শুরুটাও দারুণ হয়েছে তার। এ পর্যন্ত ৬টি টেস্ট খেলেই ঝুলিতে জমা করেছেন ৩৮টি উইকেট। ব্যাটার গুলামের অবশ্য এখনও অভিষেক হয়নি। তবে দ্বিতীয় টেস্টে অপেক্ষা ঘুচে যেতে পারে তার। অন্যদিকে ওই টেস্ট জামালের খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

সদ্যোজাত সন্তানের মুখ দেখতে প্রথম টেস্টের পরই স্কোয়াড ছেড়ে যাওয়া তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকেও রাখা হয়েছে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে।