পাকিস্তানে টেস্ট সিরিজ শেষ করে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাবেন সাকিব আল হাসান। এরপরই রয়েছে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজের আগেও দেশে ফিরছেন না এই অলরাউন্ডার। ক্ষমতার পালাবদলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। কেউ বিদেশে আশ্রয় নিয়েছেন, কেউ দেশে থাকলেও সামনে আসছেন না। এমন পরিস্থিতিতে সাকিবের নিরাপত্তার শঙ্কা থাকাটাই স্বাভাবিক। তাই পাকিস্তান সফরের আগে দেশেও আসেননি তিনি।

দেশে না ফিরলেও ভারতের বিপক্ষে দুটি সিরিজেই সাকিবকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বলেন, দেশে না ফিরলেও সাকিব ভারত সফরে থাকবেন। এমনকি তৎকালীন বোর্ড থেকে ছাড়পত্র নিয়ে রেখেছিলেন কাউন্টি খেলার জন্য। কাউন্টি ম্যাচ শেষ করে সাকিব ভারতের বিমান ধরবেন। কারণ ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সাকিব পুরো সিরিজেই অ্যাভেইলেভেল থাকবেন।

এদিকে সাবেক সংসদ সদস্য সাকিবের নামে খুনের মামলা এবং তাকে দেশে ফেরাতে আইনি নোটিস বিসিবিতে পাঠানো হয়েছে। বিসিবিও পাল্টা নোটিস পাঠিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। জানানো হয়, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব খেলা চালিয়ে যাবে। ফারুক আহমেদ এদিন আনুষ্ঠানিকভাবে সাকিবের মামলা নিয়েও কথা বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। দেশের হয়ে ও খেলা চালিয়ে যাবে। আমরা তাকে ভারত সিরিজেও চাই। সে সেখানেও খেলবে। তার বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় সে খেলবে। আমরা উকিল নোটিসের জবাবে এটাও বলেছি।’

এ ছাড়া বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। গত একযুগ ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলা নাজমুল হাসান পাপনের অধীনে যেসব দুর্নীতি হয়েছে সেসবও খতিয়ে দেখবেন বলে জানান ফারুক আহমেদ। ২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পেছনে কী কী কারণ আছে সেই প্রতিবেদনও শিগগিরই উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবির পরিচালনা পর্ষদের ১৩তম সভায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নিজেই। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখব যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কি না।’

বোর্ড সভা শেষে জানানো হয় বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল ও মিডিয়া বিভাগের প্রধান তানভির আহমেদ টিটু পদত্যাগ করেছেন। তবে এখনও পদত্যাগ না করলেও সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও সম্পৃক্ত যারা তাদের কেউ বোর্ডে আসেননি। এদের মধ্যে আছেন আ জ ম নাছির, নাইমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের প্রমুখ পরিচালক।