সপ্তাহখানেক আগে আর্লিং হালান্ডের গোল করার পরিসংখ্যান দেখে সেটিকে ‘অবিশ্বাস্য’ বলেছিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ওয়েস্টহামের বিপক্ষে হালান্ডের অনবদ্য ফিনিশিং দেখে তো নির্বাক হয়ে গেছেন। সপ্তাহের ব্যবধানে জোড়া হ্যাটট্রিক পেয়েছেন তিনি। লন্ডন স্টেডিয়ামে হালান্ডের হ্যাটট্রিক পাওয়ার দিনে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়ে নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে সিটি।

প্রিমিয়ার লিগে সবশেষ মৌসুমের শেষদিকে ফিটনেস সমস্যার দরুণ চেনা ছন্দে ছিলেন না হালান্ড। কিন্তু নতুন মৌসুমে অপ্রতিরোধ্য এক হালান্ডকেই দেখল বিশ^। ওয়েস্টহামের বিরুদ্ধে ম্যাচের ১০, ৩০ ও ৮৩ মিনিটে গোল তিনটি করেন। চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচে মাঠে নেমে সাতটি গোল পেলেন তিনি। যেটি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলা হালান্ডের সব মৌসুমগুলোর মধ্যে সব চাইতে ভালো শুরু। শুধু তাই নয়, এবারের মৌসুমে এখন পর্যন্ত হালান্ডের সমান সাত গোল সিটি ছাড়া অন্য কোনো দলই করে দেখাতে পারেনি। এ ছাড়া ত্রিশ বছর আগের পুরোনো রেকর্ডে নাম তুলেছেন হালান্ড। ১৯৯৪-৯৫ সালে ব্রেডফোর্ট সিটির পল জুয়েলের করা প্রথম তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক করার ক্লাবে যোগ দিয়েছেন। দুর্দান্ত কীর্তি গড়ার পর হালান্ড বলেন, ‘ভালো ও সতেজ অনুভব করছি। দীর্ঘ একটি বিরতি ছিল। প্রাক-মৌসুমও ভালো গেছে। এখন আমি আরও বেশি কিছুর জন্য প্রস্তুত।’

মাস দুয়েক আগেও অফফর্মে ছিলেন হালান্ড। সে কারণে ইউরোর মূলপর্বে খেলতে পারেনি। কিন্তু প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দুর্দান্ত তিনি। যাকে হালান্ডের দ্বিতীয় ভার্সন বলে দেখছেন গার্দিওলা, ‘বলার ভাষা হারিয়ে ফেলেছি। সে অপ্রতিরোধ্য, এমন কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই যে তাকে থামাতে পারে, এমনকি বন্দুকও। আমরা বক্সের ভেতরে তাকে যত বেশি খেলাতে পারি, তত ভালো। আমাদের এটাই করতে হবে।’ ওয়েস্টহামের বিরুদ্ধে কোনো সুযোগ হাতছাড়া করেননি হালান্ড। সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সিটি কোচ, ‘সে আজ (শনিবার) তিনটি গোল করেছে, একটি বলও হারায়নি। আমার মনে হয় গ্রীষ্মের বিরতি তাকে সেরাটা দিতে সাহায্য করেছে। ম্যাচে তার শক্তিমত্তা, শারীরিক শৈলী প্রদর্শন ছিল অসাধারণ।’