নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ সময়ের গোলে হার দেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আবারও শেষ সময়ের গোলে কপাল পুড়েছে তাদের। এবার অবশ্য হারেনি সাইফুল বারী টিটুর দল। কিন্তু শুরুতে এগিয়ে গিয়েও শেষদিকে গোল হজম করে হয়েছে জয়বঞ্চিত। এতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা নিয়েই শঙ্কায় পড়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতোই। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতই যে সবথেকে শক্তিধর, তা সবারই জানা। যে কারণে দলটির বিপক্ষে প্রথম ম্যাচে হারটাকে খুব বড় করে দেখা হয়নি। ওই ম্যাচে বল দখলেও পিছিয়ে ছিল টিটুর শিষ্যরা। তবে রোববার শুরু থেকেই মালদ্বীপের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে এদিনও পুরোনা রোগ কাটিয়ে উঠতে পারেনি তারা। ফিনিশিংয়ের ব্যর্থতায় বড় জয় দূরে থাক, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় রেখেও জয়ের মুখ দেখেনি দলটি।
তিন দলের গ্রুপ থেকে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে কি না, তা নিয়েই এখন ঘোর সংশয়। মঙ্গলবার ভারত-মালদ্বীপের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর ঝুলে আছে তাদের ভাগ্য। ওই ম্যাচটি যদি ড্র হয়, সে ক্ষেত্রে গ্রুপ থেকেই বিদায়ঘণ্টা বাজবে টিটুর শিষ্যদের। ভারত জিতলেই কেবল সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। ভারতের সেই জয়টাও হতে হবে একের অধিক গোল ব্যবধানে। অন্যথায় জটিল সব হিসাবের মারপ্যাঁচে পড়তে হবে। দায়টা লাল-সবুজের প্রতিনিধিদেরই। ভুটানের উচ্চতা আর কন্ডিশনে নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা খেলতে পারছে না।
রোববার অবশ্য ভিন্ন বার্তাই মিলেছে। শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় টিটুর শিষ্যরা। টানা আক্রমণ শানিয়ে যুবারা মালদ্বীপ রক্ষণভাগের বড় পরীক্ষা নেন। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করার প্রথম সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু সাইডভলি থেকে লক্ষ্যভেদ করতে পারেননি অপু রহমান। ওই আক্রমণের পর মালদ্বীপের রক্ষণ মোর্শেদ আলীর চেষ্টাও ব্যর্থ করে দেয়। প্রথমার্ধে এমন আরও কয়েকটি সুযোগ তৈরি করেও কাক্সিক্ষত গোল পাওয়া হয়নি।
বিরতির পরপরই মোর্শেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে তিনি লক্ষ্যভেদ করেন। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। কিন্তু রেফারির বাঁশি সে পথে বাধা হয়ে দাঁড়ায়। ফাউলের কারণে বাতিল হয় গোল। এরপরই ম্যাচে ফেরে মালদ্বীপ। ৭৯ মিনিটে অধিনায়ক মোহাম্মদ ইলান ইমরানের গোলে সমতায় ফেরে তারা। এরপরও গোল করে জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। টিটুর শিষ্যরা তা নিতে পারেনি।


মন্তব্য করুন