প্রশ্নাতীতভাবেই তিনি বাংলাদেশের সফলতম ক্রিকেটার। কিন্তু সাম্প্রতিক সময়টা খুব ভালো যাচ্ছে না। মাঠের বাইরে যেমন নানা সমস্যায় জর্জরিত সাকিব আল হাসান, তেমন চিত্র দেখা যাচ্ছে মাঠেও। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঠিকঠাক বোলিং করেননি, ব্যাটিংয়েও মেটাতে পারেননি প্রত্যাশা। তারকা অলরাউন্ডার আসলে খেলার মতো ফিট কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ম্যাচ চলাকালে। ম্যাচ শেষে তো তাকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নও উঠে গেল।

পারফরম্যান্স যেহেতু প্রত্যাশিত নয়, দ্বিতীয় টেস্টের একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়া হবে কি না এমন প্রশ্ন যখন ছুটে গেল-নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর এক চিলতে হেসে বললেন, ‘খুব সাহসী প্রশ্ন। মাশাআল্লাহ।’ এরপর যোগ করলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটি দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না। দলের প্রতি নিবেদনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না। অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এ রকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি।’

প্রথম ইনিংসে দলের ঝুলিতে সর্বোচ্চ ৩২ রান জোগান দেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে করেছেন ২৫ রান। টাইগার ব্যাটিংয়ের সার্বিক চিত্র বিবেচনায় একেবারের বেমানান নয়। তবে প্রথম ইনিংসে ৮ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৭৯ রান দেওয়ার পাশাপাশি উইকেটহীন থাকাটা সাকিবের সঙ্গে বেমানানই। তা ছাড়া প্রথম ইনিংসে তিনি বোলিংয়েও আসেন ৫৩তম ওভারে। এত পরে তাকে বোলিংয়ে আনার ব্যাখ্যায় শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে তিন পেসারই দারুণ বোলিং করেছে। তাই তাকে আনার প্রয়োজনই পড়েনি। একপাশ থেকে মিরাজও ভালো করছিল। এটিই পরিকল্পনা ছিল, পেসারদের যত বেশি বল করাতে পারি। আমরা ৬টা উইকেটও খুব দ্রুত নিলাম। পরিকল্পনা এটিই ছিল।’ সাকিবের আঙুলে টেপ পেঁচানোর কারণও ব্যাখ্যা করেছেন শান্ত, ‘আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচিয়েছেন। বল লেগেছিল, ওখানে রক্তপাতও হয়েছিল। যে কারণে টেপ পেঁচানো।’