লা লিগার দুর্দান্ত ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকের কাছে হার দেখেছিল বার্সেলোনা। ওই হারে সমালোচনার মুখে পড়েছিল দলটি। তাতে অবশ্য দলটির আত্মবিশ্বাসে চিড় ধরেনি। রোববার রাতে লা লিগায় পুরোনো ছন্দেই দেখা গেছে হ্যান্সি ফ্লিকের দলকে। ভিয়ারিয়ালকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। তবে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রায়ো ভায়োকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

চলতি মৌসুমে লা লিগায় শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে বার্সেলোনা। প্রতিপক্ষ ভিয়ারিয়ালও ছিল অপরাজিত। সবমিলে জম্পেশ এক ম্যাচ হবে, এমনটাই ছিল প্রত্যাশা। আক্রমণ-প্রতি আক্রমণে শুরুটা তেমন কিছুর বার্তাও দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বার্সার দাপট। ২০ মিনিটে গোল করে কাতালানদের এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। ৩৫তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। লামিন ইয়ামালের দুর্দান্ত ক্রসে হেড করেছিলেন এরিক গার্সিয়া, বল রুখে দেন দিয়াগো কন্দে। তবে ফিরতি বলে লেভানদোভস্কির প্রচেষ্টায় বাধা হতে পারেননি ভিয়ারিয়াল গোলরক্ষক।

মিনিট তিনেক বাদে আইয়োজে পেরেজের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচটা জমিয়ে তোলার বার্তা দিয়েছিল স্বাগতিকরা। বিরতির ঠিক আগমুহূর্তে চোট পেয়ে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান স্ট্রেচারে করে মাঠ ছাড়লে অস্বস্তি বাড়ে বার্সা শিবিরে। তবে তার বদলি হিসেবে মাঠে নেমে গোলমুখ সুরক্ষিতই রাখেন ইনাকি পিনা। এ ক্ষেত্রে ক্রসবারেরও ভূমিকা আছে। বিরতির পরপরই ইয়েরেমি পিনু যে শটটি নেন, তা পিনাকে বোকা বানিয়ে জালেই জড়িয়ে যাচ্ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। তাই সমতায় ফেরা হয়নি ভিয়ারিয়ালের। উল্টো ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে স্কোরলাইন ৩-১ করে ফেলে বার্সা।

এরপর শুরু রাফিনহা শো। পাও ভিক্টরের বাড়ানো বল থেকে ম্যাচে নিজের প্রথম এবং দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এর ৯ মিনিট পর ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয় চোটাক্রান্ত অধিনায়ক টের স্টেগানকে উৎসর্গ করেছে দলটি।

এদিকে সিরি’আতে মিলান ডার্বিতে মাত্তেও গাবিয়ার শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। দশম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে দলটি এগিয়ে যায়। তবে ২৭ মিনিটে ইন্টার সমতা ফেরায় ফেদেরিকো দিমার্কোর গোলে। এরপর অন্তিম মুহূর্তে গাবিয়ার গোলে ছয় ম্যাচ পর জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।