চেন্নাইয়ের পাঠ চুকিয়ে কানপুরে পাড়ি জমিয়েছে টিম বাংলাদেশ। উত্তর প্রদেশের এই শহরেই ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি খেলবে তারা। সিরিজ বাঁচাতে এই টেস্টে জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। যে কারণে গ্রিন পার্কে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে কিছুটা চাপেই আছে অতিথি শিবির।

মাঠের বাইরের উত্তপ্ত পরিস্থিতি চাপ আরও বাড়িয়েছে। নিখিল হিন্দু মহাসভা ম্যাচটি হতে না দেওয়ার হুমকি দিয়েছে। ওই হুমকির জেরে টাইগাররা এখন অনেকটা বন্দিদশায়। টিম হোটেল ও মাঠ ছাড়া অন্য কোথাও যেতে পারছেন না। মঙ্গলবার কানপুরে পৌঁছে বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছেন শান্ত-মুশফিকরা। তাদের অনুশীলন চলেছে পুলিশি পাহাড়ায়। তিন স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে টাইগারদের। পরিস্থিতি যখন এমন, তখন আসলে কোনো দলেরই নিশ্চিন্ত থাকার উপায় থাকে না।
টিম বাংলাদেশের প্রধান কোচ অবশ্য বাইরের ওই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছেন না। তিনি মনোযোগ রাখছেন মাঠের ক্রিকেটে। কিন্তু হাথুরু নিশ্চিন্ত নন, টপঅর্ডার ব্যাটাররা যে প্রত্যাশা মেটাতে পারছেন না। জাকির হাসান, সাদমান ইসলামরা ভালো শুরু পাচ্ছেন, কিন্তু ইনিংস টেনে নিতে পারছেন না। যে কারণে পরবর্তী ব্যাটারদের ঘাড়ে বর্তাচ্ছে বাড়তি চাপ। সেই চাপ নিয়ে তারাও আবার নিজেদের স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক আর লিটন দাসকেই দেখুন, পাকিস্তানের মাটিতে কয়েক দিন আগের সফরেই কী দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীই না দেখিয়েছেন। চেন্নাইয়ে কি না তাদের খুঁজেই পাওয়া গেল না। বোলাররা ভালো করার পরও তাই ২৮০ রানের বড় হার দেখতে হয়েছে।

প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় টিম বাংলাদেশ। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় শান্তর দল। দ্বিতীয় ইনিংসে তারা তোলতে পারে ২৩৪ রান। ব্যাটারদের এমন পারফরম্যান্স চরম হতাশারই। কানপুরে ভালো করতে হলে ঘুরে দাঁড়াতে হবে ব্যাটারদের, আর কোনো বিকল্প পথ নেই। কিন্তু শিষ্যরা যেভাবে ভালো শুরুর পরও উইকেট ছুড়ে দিয়ে ফিরছেন, তা বড় চিন্তার ভাঁজ ফেলেছে হাথুরুর কপালে। বুধবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমরা নিজেদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

জয়ের লক্ষ্য ৫১৫ রান হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনাই দিয়েছিলেন জাকির আর সাদমান। বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা হয়েছিল ৬২ রান। দুই ওপেনারই পৌঁছান ত্রিশের ঘরে। এমতাবস্থায় তাদের থেকে বড় রানই ছিল প্রত্যাশিত। কিন্তু সেট হওয়ার পরও দুজনই খেই হারান। দুশ্চিন্তার জায়গায় বিষয়টা সামনে টেনে হাথুরু বলেছেন, ‘ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে লম্বা সময় থাকাটা জরুরি। কীভাবে প্রতিরোধ গড়তে হবে, ভারতের এই দল তা ভালো করেই জানে। আমাদের তাই দীর্ঘসময় ধরে ভালো ব্যাটিং করে যেতে হবে।’

বাংলাদেশে সাধারণত কোকাবুরা বল দিয়ে খেলা হয়। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশই এই বল ব্যবহার করে। কিন্তু ভারতে খেলা হয় এসজি বল দিয়ে। কোকাবুরার তুলনায় এসজি বলে সুইং আর বাউন্স কিছুটা বেশি থাকে। বল যত পুরোনো হয়, বোলারদের কাজ সহজ হয় ততই। এ ক্ষেত্রে টপঅর্ডার ব্যাটারদের কিছুটা বাড়তি সুবিধাই পাওয়ার কথা। কিন্তু জাকির-সাদমানদের ব্যাটে তেমনটা দেখা যাচ্ছে না। হাথুরুর প্রত্যাশা, কানপুরে ভালো করবেন দুই ওপেনার, ‘নতুন বল নিয়ে ওপেনাররা আমাদের চেয়েও বেশি ভাবছে। তারা ভালো শেপে আছে। আশা করছি এবার আরও ভালো করবে। প্রত্যেক ব্যাটারই এসব বিষয় নিয়ে কাজ করছে।’