চেন্নাই টেস্টে উড়াতে পারেননি লাল-সবুজের পতাকা। এবার কানপুর টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে এসে হামলার শিকার হয়েছেন টাইগার রবি। ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের সময় তিনি ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় পুলিশ।
নিরাপত্তাকর্মীরা যখন রবিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি স্পোর্টস্টারকে বলেন, ‘তারা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে, আমি নিশ্বাস নিতে পারছি না।’ সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় রবির কথাও বলতে কষ্ট হচ্ছিল। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে। তার দাবি, ভারতীয় সমর্থকরা তাকে মেরেছেন। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার।
ইন্ডিয়ান এক্সপ্রেস-কে রবি বলেন, খেলা শুরুর পর থেকে তাকে গালাগালি করছিলেন ভারতের সমর্থকরা। নিজেকে নিরাপদ রাখতে বারান্দায় উঠেছিলেন, ‘একজন পুলিশ আমাকে ওই ব্লকের স্ট্যান্ডে না দাঁড়াতে বলেছিল। ভয় পেয়ে সেখানে ছিলাম। তারা সকাল থেকে আমাকে গালি দিচ্ছিল। অনেক বলিউড মুভি দেখেছি, তাই বুঝতে পারছিলাম গালিগুলো।’


মন্তব্য করুন