টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে চরম হতাশায়। গোয়ালিয়রে চরম ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে দেখতে হয় ৭ উইকেটের বড় হার। আজ দিল্লিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম বাংলাদেশ, এই ম্যাচে তাদের নামতে হচ্ছে তিন ম্যাচের সিরিজটিকে জীবন্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে। এই ম্যাচের আগেই কি না টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত করে তুলবে সতীর্থদের।
দুজন অভিষিক্ত এবং বেশ কয়েকজন নতুন মুখ নিয়েও প্রথম টি- টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ১২ ওভারের মধ্যে তাড়া করে ফেলে ভারত।

সিরিজে ভারতে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ স্বাভাবিকভাবেই ফেবারিট স্বাগতিকরা, তবে প্রথম ম্যাচে প্রমাণ হয়েছে টি-টোয়েন্টিতে টিম বাংলাদেশ কতটা পেছনে পড়ে রয়েছে। গোয়ালিয়রে অসহায় আত্মসমর্পণের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো বলেই দিয়েছেন-পরিকল্পনায় ঘাটতি থাকার মাসুলই মাঠে দিচ্ছেন তারা। ভারত যেভাবে খেলেছে তাতে এটি স্পষ্ট-সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভির চেষ্টা করছেন রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়ের ধারা বজায় রাখতে। আগের ম্যাচে নিতিশ কুমার রেডি (১৫ বলে অপরাজিত ১৬) ছাড়া বাকিরা ১৫০ স্ট্রাইক রেটের ওপরে ব্যাট করেছেন। দিল্লিতেও তারা ছেড়ে কথা বলবেন না। টাইগার বোলারদের জন্য তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে। ব্যাটারদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। কেননা ভারতের বোলিং লাইনআপও বেশ সমৃদ্ধ। কাকে রেখে কাকে খেলাবেন, এ নিয়ে সমস্যায় স্বাগতিক শিবির। অধিনায়ক সূর্যকুমার এটাকে ‘মধুর সমস্যা’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক শান্ত স্বীকার করেছেন, দলের ব্যাটাররা টি-টোয়েন্টিতে ১৮০ রান তুলতে জানে না, কারণ ঘরের মাঠে যেসব উইকেটে খেলানো হয় সেখানে বড়জোর ১৪০ থেকে ১৫০ রান তুলতে অভ্যস্ত। তবে সিরিজটা বাঁচিয়ে রাখতে হলে দেড়শর বেশি রান করতে হবে বাংলাদেশকে। সঙ্গে বোলারদেরও হতে হবে আরেকটু সাবধানী। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে অক্টোবরের আচমকা তাপপ্রবাহ। যদিও দিল্লির এই মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি জেতার সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৯ সালে অরুণ জেটলি স্টেডিয়ামেই ভারতকে তারা হারিয়েছিল ৭ উইকেটে।

তবে দিল্লির মাঠে আইপিএলের সবশেষ পাঁচ ম্যাচের ১০ ইনিংসের আটটিতেই দলীয় সংগ্রহ ২০০ রান ছাড়িয়েছে। একটিতে হয়েছে ১৯৯ রান। আজকের ম্যাচেও বড় রান হওয়ার কথা। তাই বোলারদের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। ভারতীয় পেসার আর্শদীপ সিংও বিষয়টা নিয়ে চিন্তিত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এবারের আইপিএলে এই মাঠে আমার দলের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখানে ওই রকম রান হয়েছে শুনে আমি আর উইকেট দেখতে চাইছি না। কাল (আজ) আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, সেটি শুনব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ এরপর আর্শদীপ যোগ করেন, ‘আপনি তো ভয় পাইয়ে দিলেন। ম্যাচ নিয়ে আজ ভাবতেই চাইনি। আমার ছুটির দিন ছিল আজ (রোববার)।’ টাইগার শিবির অবশ্য ছুটির আমেজে ছিল না। মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরিয়েই ম্যাচের জন্য যতটা সম্ভব প্রস্তুত করেছে নিজেদের।