বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। তবে নানা বাধা অতিক্রম করে তিনি এখন ধারাভাষ্যকারের ভূমিকা নিয়েছেন। ক্রিকেটার থাকাকালীন সময়ে দেশের মাটিতে কয়েকটি সিরিজে স্বল্প সময়ের জন্য ধারাভাষ্য দিতে দেখা গেলেও এবার ভারত সফরে পূর্ণকালীন ধারাভাষ্যকার হিসেবেই দেখা যাচ্ছে তাকে।

বর্তমানে ভারত সফরে বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যের ফাঁকেও ব্যক্তিগত কাজে ব্যস্ত সময় কাটছে এই টাইগার ওপেনারের। সম্প্রতি কথা বলেছেন দেশটির ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসস্টার’-এর সঙ্গে। এই সাক্ষাৎকারে তামিম তার ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং সাকিব আল হাসানের সঙ্গে তার জটিল সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তার লম্বা সাক্ষাৎকারে যে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে, সেটি বাংলাদেশ দলের কোচ ইস্যু। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসেছেন ফারুক আহমেদ। সভাপতি হয়েই বলেছিলেন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার কথা। তার জায়গায় দেশি কোনো কোচকে সুযোগ দেওয়ারও ইঙ্গিত দেন। তবে তামিম দিয়েছেন ভিন্ন মত।

জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার মনে করেন, এ মুহূর্তে স্থানীয় কেউ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্যতা রাখেন না। বড়জোর সহকারী কোচ হতে পারেন, যা পরবর্তীতে তাদের যোগ্য করে তুলতে সহায়ক হবে। এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের কেউ বর্তমানে প্রধান কোচ হওয়ার যোগ্য। এই মুহূর্তে দুই বা তিনজন আছেন, যারা সহকারী কোচ হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমি মনে করি না তারা প্রধান কোচ হওয়ার জন্য উপযুক্ত।’

তামিম যোগ করেন, ‘বাংলাদেশ দলে কোচিং স্টাফের অনুপাত ৭০/৩০ হওয়া উচিত, যেখানে আপনার একজন বিদেশি প্রধান কোচ এবং দুজন বিদেশি কোচ থাকতে হবে, বাকি ৭০ শতাংশ সহকারী কোচ বাংলাদেশের হতে হবে। এই পদ্ধতিটি স্থানীয় কোচদের তৈরি করতে সাহায্য করবে যাতে তারা একদিন প্রধান কোচ হিসেবে পদায়ন করতে পারে।’

কোচিং ইস্যু ছাড়াও ব্যক্তিগত নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়ে দিলেও ওয়ানডে আর টেস্ট দলে ফেরার সুযোগ রয়েছে বাঁহাতি ওপেনারের। কিন্তু আদৌ ফিরবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। অবসরের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সত্যি বলতে এটা (অবসরের সিদ্ধান্ত) বেশ কঠিন ছিল। কখনো ভাবিনি বাংলাদেশের হয়ে খেলব না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা, এরপর ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তারপর অনেক অপ্রত্যাশিত জিনিস ঘটেছে যা কখনোই আমার জন্য সুখকর ছিল না।’

আবেগপ্রবণ তামিম অভিমানেই দূরে আছেন জাতীয় দল থেকে। অভিমানে ওয়ানডেকেও বিদায় বলে দিয়েছিলেন। তবে পরের দিনই ফেরার বার্তা দেন। দুঃসহ সেই সময়ের বর্ণনা দিতে দিয়ে তামিম বলেছেন, ‘আমি খুব আবেগপ্রবণ ব্যক্তি এবং সেসময় আমার সঙ্গে যা ঘটেছিল তা সামাল দেওয়া সহজ ছিল না। তাই বাধ্য হয়েই সরে যেতে হয়েছে। অনেকে বিশ্বাস করে যে আমার অবসর একটি মানসিক বিস্ফোরণ ছিল, কিন্তু তা ছিল না। অবসর ঘোষণার তিন দিন আগে আমি আমার পরিবারের সঙ্গে ক্রিকেট ছাড়ার কথা বলেছিলাম, তা হলে নিশ্চয় একটা কারণ আছে তাই না?’

অবসরের ঘোষণা দেওয়ার আগের সময়টায় দারুণ ফর্মে ছিলেন তামিম। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিশ্চিতে বড় অবদান ছিল সে সময়ের অধিনায়ক তামিমের। তবুও কেন সরে যেতে হয়েছিল তাকে? এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশের অধিনায়ক এবং আমি সফলও। ব্যাট হাতেও ভালো পারফর্ম করছিলাম, তাই মনে হচ্ছিল সবকিছুই আমার মত হচ্ছে। তা হলে হঠাৎ অবসর নিলাম কেন? আসলে কী হয়েছে? এর কারণ কি মাত্র দুই বা তিনটি ম্যাচে ব্যর্থতা? না। আমার ক্যারিয়ারজুড়ে আমি অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়েছি। যদি দলে আমার জায়গা নিয়ে প্রশ্ন থাকত তা হলে পরিস্থিতি অন্যরকম হতো এবং অবসরের অর্থ হতে পারে। কিন্তু আমি অধিনায়ক ছিলাম এবং পরিসংখ্যানগতভাবে আমি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ওডিআই অধিনায়কদের একজন। তবে বাইরে থেকে সবকিছু ভালো দেখালেও এমন কিছু অবশ্যই ঘটেছে যা আমি উপভোগ করিনি, কেউ একজন এমন পরিস্থিতি তৈরি করেছে যা আমাকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।’

বিশ্বকাপ দল থেকে তামিমের বাদ পড়ার পেছনে তখনকার অধিনায়ক সাকিব আল হাসানের বড় ভূমিকা আছে বলে গুঞ্জন রয়েছে। তামিম বিষয়টি সেভাবে না দেখে সামগ্রিক বিষয়টাই তুলে ধরেছেন, ‘সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউই একে অপরের ক্ষতি করছেন না, কারণ শেষ পর্যন্ত আপনারা দুজনেই দেশের জন্য খেলছেন। আমি কখনোই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলিনি বা প্রকাশ্যে তাকে বা অন্য কাউকে দোষারোপ করিনি। তবে আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি বাংলাদেশের জন্য সাকিব যা করেছে তা সত্যিই অসাধারণ। আপনি এটি অস্বীকার করতে পারবেন না তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকুক বা না থাকুক, সে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার।’

দুজনের তিক্ত সম্পর্ক বাংলাদেশ দলের পারফরম্যান্সেও বিরূপ প্রভাব ফেলেছে বলে শোনা যায়। তাদের সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশ দল আরও ভালো করত কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই কোনো সন্দেহ নেই! আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী হতো তা হলে তা বাংলাদেশ ক্রিকেটের একটি পরিবর্তন আসত। আমরা দুজনেই দেশের জন্য ভালো করেছি এবং আমি ভাবতে চাই যে আমাদের দুজনেরই ইতিবাচক মানসিকতা আছে এবং আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরাটা চাই।’

সম্প্রতি সাকিব অবসর নিয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। তারও অনেক আগে কুড়ি ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ান মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটের তারকা যাদের বলা হয় তাদের অবসরটা ভালোভাবে হয়নি। তামিমেরও অবসর ইস্যুতে একই দশা। অন্তত অবসরটা কি ভালোভাবে হতে পারে না? এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘এটি হওয়ার জন্য বিসিবি পরিচালকদের অবশ্যই একই মানসিকতা থাকতে হবে এবং বুঝতে হবে যে এই খেলোয়াড়রা দীর্ঘসময় তাদের দেশের সেবা করেছেন এবং আরও ভালো কিছুর দাবি রাখে।’