টাঙ্গাইলের গোপালপুরে ব্যালট বাক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় ভোটকেন্দ্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে তিন নম্বর কক্ষ থেকে একটি ব্যালট পেপার ভর্তি বাক্স বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্সটি পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ব্যালট পেপার ছিল।

তিনি আরও বলেন, এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করে কেন্দ্রের বাকি ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করি।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এ ঘটনায় ২ আনসার সদস্য আহত হয়েছেন। ঘটনা নিয়স্ত্রণে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। অভিযোগ দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।